বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করার পর আটক হলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামস। শনিবার (১৬ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
এর আগে একই দিন দুপুরে পাটগ্রাম উপজেলার দহগ্রাম থেকে তাকে আটক করে পাটগ্রাম থানা পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা পুলিশে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, দহগ্রাম সীমান্ত হয়ে অবৈধভাবে দেশে প্রবেশের পর সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে দহগ্রাম থেকে সাব্বির বিন শামসকে আটক করে জেলা গোয়েন্দা শাখায় পাঠানো হয়েছে। এ সময় দুটি কূটনৈতিকসহ তার মোট ৭টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। তিনি ভারত থেকে অবৈধপথে দেশে প্রবেশ করেছিলেন। তার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে।
সাব্বির বিন শামস বিগত আওয়ামী লীগ সরকার আমলে চুক্তিভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি ও লন্ডন হাইকমিশনে মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ সুপার