দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত জরুরি
- আপডেট সময় : ০১:০৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৪৩ বার শেয়ার হয়েছে
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে নরসিংদী জেলার পলাশ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে পলাশ উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়। এর আগে একটি সচেতনতামূলক র্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নিকাণ্ড মোকাবিলার উপর একটি বাস্তবভিত্তিক মহড়া প্রদর্শন করা হয়, যা উপস্থিত সবার মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ । এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,
মোঃ কাউছার আলম সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা,উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, ইউআরসি ইন্সট্রাকটর ,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলম মোল্লা,বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষক ও ছাত্রছাএী,উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় যে কোনো দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত জরুরি। অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগের সময় কীভাবে দ্রুত ও নিরাপদে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা যায়, সে বিষয়ে জনগণকে প্রশিক্ষণ ও সচেতন করা প্রয়োজন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা মহড়ার মাধ্যমে আগুন লাগলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনার কৌশল, নিরাপদে উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং দুর্ঘটনার সময় করণীয় সম্পর্কে উপস্থিতদের ব্যবহারিক ধারণা দেন।





















