দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ পর্যন্ত মোট ৪০৯ জনের মৃত্যু হয়েছে।
রোববার (১০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল। বাকি সাতজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত হামে নিশ্চিতভাবে মারা গেছে ৬৫ জন। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৩৪৪ জন। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৯ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৮১৯ জনে।
একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ১ হাজার ৫০৩ জনের সংক্রমণ রেকর্ড করা হয়েছে। ফলে সন্দেহভাজন মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ১৫৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ, রংপুর এবং বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মৃত্যুর তথ্য নতুন করে সমন্বয় করা হয়েছে। এর ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়েছে।
গতকাল পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ছিল ৩৫২। সর্বশেষ ১১ জনের মৃত্যু এবং তিনটি মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য সমন্বয়ের পর এ সংখ্যা বেড়ে ৪০৯ জনে পৌঁছেছে