রাজধানী যাত্রাবাড়ী থানার মাতুয়াইল শনিরআখড়া এলাকায় নির্মাণাধীন ভবনের আটতলা থেকে নিচে পড়ে মো. ফাহিম (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফাহিমকে হাসপাতালে নিয়ে আসা মো. ফরিদ মিয়া জানান, বেলা সাড়ে তিনটার দিকে মাতুয়াইল মোল্লা কদম আলি জামে মসজিদ এলাকায় আট তলা নির্মাণাধীন ভবনের কাজ করার সময় হঠাৎ অসাবধানতায় ওপর থেকে নিচে পড়ে যায় ফাহিম। পরে আমরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত শ্রমিকের বাড়ি শরীয়তপুর জেলায়। তিনি যাত্রাবাড়ীর শনির আখড়া ক্লাব গলি এলাকায় থাকতেন। তার দুই সন্তান রয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে