রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণি এলাকায় একটি মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মো. ইয়াকুব আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (১১ জুন) দিবাগত রাত ১২টার দিকে ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত সোয়া ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইয়াকুব পরিবারের সঙ্গে মিরপুরের পল্লবী এলাকায় বসবাস করতেন। তিনি পেশায় ইলেকট্রনিক্স ব্যবসায়ী বলে জানিয়েছেন স্বজনরা।
হাসপাতালে নিহতের ছেলে মানিক জানান, প্রতিদিনের মতো কাজ শেষে বাবা পাঠাও মোটরসাইকেলে চড়ে বাসার দিকে যাচ্ছিলেন। এ সময় বিজয় সরণি এলাকায় একটি মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। প্রথমে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে আমার বাবাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।