অপহৃত কিশোরীকে উদ্ধার অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৬
- আপডেট সময় : ০৪:৩৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ২৮ বার শেয়ার হয়েছে
গাজীপুরের শ্রীপুরে কিশোরী অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ও অপহৃত কিশোরীকে উদ্ধার অভিযানে গিয়ে অপহরণকারীর স্বজনদের হামলায় ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় হ্যান্ডকাফসহ দুই আসামিকে ছিনিয়ে নেয়া হলে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, টাঙ্গাইল সদর থানার একটি অপহরণ মামলার আসামি ও অপহৃতা কিশোরীকে উদ্ধারে টাঙ্গাইল সদর থানা পুলিশ ও শ্রীপুর থানা পুলিশ রোববার (১ মার্চ) সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর উপজেলার নিজমাওনা গ্রামে অভিযানে যায়। এ সময় অপহরণকারী আদিল ও তার বাবা মনির হোসেনকে আটক করে।
একপর্যায়ে আটকৃতদের স্বজনরা ভুয়া পুলিশ ও ডাকাত আসছে বলে ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন এসে রাস্তা অবরোধ করে পুলিশের উপর হামলা চালায়। এ সময় হ্যান্ডকাফসহ দুই আসামিকে ছিনিয়ে নেয়। তাদের হামলা ও মারধরে ৬ জন পুলিশ সদস্য আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ অভিযান চালিয়ে ছিনিয়ে নেয়া দুজনকে ফের গ্রেপ্তার করে।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মেরাজুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। পরে প্রায় ২ ঘণ্টা অভিযান চালিয়ে মনির ও তার ছেলে আদেলকে পুনরায় গ্রেপ্তার করি।
তিনি আরও জানান, এ ঘটনায় সরকারি কাজে বাঁধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে শ্রীপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।

























